৫০ বছর পর জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা

বদরুল হুদা জেনু
Thumbnail image

৪৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা দল। গতকাল রোববার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। এতে টস জিতে ব্যাটিংয়ে যায় কুমিল্লা জেলা দল। ১৯৭৬ সালের পর এবারই জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।

সকালে টসে জিতে ব্যাট করে কুমিল্লা জেলা দল। নির্ধারিত ৫০ ওভারে কুমিল্লা জেলা দল ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। কুমিল্লা জেলা দলের ব্যাটার পরান ৭৬ বলে ৮৭ রান করেন। এর মধ্যে সাতটি ৪ ও তিনটি ৬ ছিল। পরান ম্যান অব দ্যা ম্যাচ হন। এছাড়া ইয়াসিন আরাফাত ১০০ বলে ৮০ রান করেন। তাঁর ইনিংসয়ে ছয়টি ৬ ও চারটি ৪ ছিল।

জবাবে ঢাকা জেলা দল ১৮ ওভারে ৭৮ রান করার পর হঠাৎ করে বৃষ্টি হানা দেয়। এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তখন ঢাকা জেলার জন্য টার্গেট দেওয়া হয় ৩৫ ওভারে ২২৮ রানের। খেলা যখন ৩১ দশমিক ২ ওভার চলছিল তখন আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন ঢাকা জেলার সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫৭ রান। ঢাকা জেলার পক্ষে মাহিদুল ইসলাম ৬২ বলে ৫৯ রান করেন। এর মধ্যে চারটি ৪ ছিল। কুমিল্লা জেলা দলের ইয়াসিন হোসেন ৬ দশমিক ৩ বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এ অবস্থায় কুমিল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবদীন নান্নু। কুমিল্লা জেলা দল ১৯৭৪ ও ১৯৭৬ সালে চ্যাম্পিয়ন হয়। ২০২৫ সালে রানার্সআপ ও গতকাল চ্যাম্পিয়ন হয়। ৫০ বছর পর চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লাবাসী আনন্দিত। কুমিল্লার ক্রিকেট প্রেমীরা মনে করছেন ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিয়মিত ক্রিকেট লীগ হলে আরও খেলোয়াড় বেরিয়ে আসবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত