রাজশাহীর দলে পাকিস্তানের ফারহান ও নাওয়াজ

Thumbnail image

বিপিএলের দ্বাদশ আসরের নিলাম আজ রোববার, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে নিলামের টেবিল। তার একদিন আগেই নিজেদের শক্তিমত্তা বাড়াতে পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। স্থানীয় দুই খেলোয়াড় তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে আগেই দলে টেনে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ফারহান ও নাওয়াজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিএল গভর্নিং কাউন্সিল নির্ধারিত নিয়ম অনুযায়ী, নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ দুইজন স্থানীয় ও দুইজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারে। সেই কোটা পূরণ করেই নিলামের দিকে এগোচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি।

ফারহানকে নিয়ে আগ্রহ ছিল আগেই। পিএসএল, বিগ ব্যাশসহ বিভিন্ন টি টোয়েন্টি লিগে আলো ছড়ানো ব্যাটারটি এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার রান ৮৩৪, আর স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ১৮০২ রান করে চলতি বছরই হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাট থেকে এসেছে ১০৫টি ছক্কা, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার নাওয়াজ পাকিস্তানের হয়ে খেলেছেন টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে ১৩৫টি ম্যাচ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার রান ৮৩৯ এবং উইকেট ৮৩টি। আর ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টিতে রান ৩৭০৯, উইকেট ২৫০।

রাজশাহী চার খেলোয়াড়ের সরাসরি চুক্তি শেষ করায় এখন নজর নিলামের দিকে। রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বিপিএল ১২ এর নিলাম। নিলামে প্রতিটি দলকে কমপক্ষে ১২ স্থানীয় ও ২ বিদেশি ক্রিকেটার নিতে হবে। এবারের আসর শুরু হবে সিলেটে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল ২৩ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত