মেসির অবসর নিয়ে যা জানালেন কোচ স্ক্যালোনি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিনি খেলবেন কি না সেটা নিয়েই ঘোর সংশয় ছিল একটা সময় পর্যন্ত। তবে জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। কিন্তু এরপর? বিশ্বকাপ শেষ হলে কি তাকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

এদিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে ঘাম ঝরিয়েছেন মেসি। ৩৮ বছর বয়স মেসির। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। তাহলে আমেরিকাতেই কি শেষ অভিযান? এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেছেন, “যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি। আমরা জানি ও কেমন খেলে। তাই ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামবে দেখে অবাক হইনি।”

স্ক্যালোনি জানিয়েছেন, মেসি এতগুলো রেকর্ড ভাঙা এবং এত ট্রফি জেতার পরেও ফুটবলের প্রতি আবেগ এবং ক্ষুধার কারণে সব সময়ে শীর্ষে থাকতে চান। স্ক্যালোনির কথায়, “মেসি সব সময় সেরা থাকতে চায়। সব সময় দেখিয়ে দেয় যে ও আরও কিছু জিততে চায়।” বিশ্বকাপ এবার আগের চেয়ে বেশি সময় ধরে চলবে। মেসির ধকল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মুখ খুলেছেন স্ক্যালোনি। তার ব্যাখ্যা, জোর করে মেসির ওপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। পুরোটাই মৌখিক সম্মতির ভিত্তিতে, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্ক্যালোনি বলেছেন, “আমরা যা-ই সিদ্ধান্ত নিই, ওকে আগে জিজ্ঞাসা করি। এখানে বসে বলা মুশকিল যে আমি ঠিক কী কী করব। আমি আগে মেসির সঙ্গে কথা বলে নেব এবং দেখব ও আমার কথায় রাজি কি না। এভাবেই হওয়া উচিত বিষয়টা। অনেক সমস্যা উপেক্ষা করে মেসি আমাদের হয়ে খেলে। অনেক কিছু দিয়েছে দেশকে।” কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা করে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। ২৪ মের পর থেকে খেলেননি। ফিজিওথেরাপি দলের সঙ্গে আলাদা করে পরিশ্রম করছেন মেসি। বাকি যাদের চোট রয়েছে, তারাও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত