অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৪টা ৪৫ মিনিটে। তিন দলের গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ প্রতিবেশী ভারত।

পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ।

গতকাল সোমবার শেষ মুহূর্তের অনুশীলন করেছে লাল-সবুজের ছেলেরা। এদিন দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।

দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’

পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। কোচিং স্টাফরা এ নিয়ে খুব একটা বিচলিত নন।

সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’

এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। এর অন্যতম কারণ দলে যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার।

এর আগে গতকাল উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে দুটি। স্বাগতিক মালদ্বীপকে ২-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত