বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য আরও সময় পেলেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে জাতীয় দল বা বিশ্বকাপের ভাবনা থেকে এখনই সরিয়ে দিচ্ছেন না সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ জানিয়েছেন, নেইমার এখনো তাদের প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবেই আছেন এবং তার জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। গত মার্চে স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় ফুটবল ভক্তদের মাঝে অনেক বিতর্ক তৈরি হলেও আনচেলত্তি এখন কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন।

তিনি স্পষ্ট করেছেন যে, নেইমারের মতো একজন প্রতিভাবান খেলোয়াড় ব্রাজিলিয়ান ফুটবলে যে অবদান রেখেছেন, তা ভুলে যাওয়া সম্ভব নয়। তবে দলে ফেরার জন্য এই ফরোয়ার্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নিজের ফিটনেস প্রমাণ করা।

আনচেলত্তির মতে, নেইমারকে দলে ফিরতে হলে আগামী দুই মাসের মধ্যে শতভাগ শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। বর্তমানে নিজের পুরনো ক্লাব সান্তোসের হয়ে নেইমারের পারফরম্যান্স এবং ইনজুরি কাটিয়ে গোল করাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি চান নেইমার তার ক্লাবের মতোই জাতীয় দলেও মাঠের মাঝখানে অর্থাৎ গোলপোস্টের কাছাকাছি পজিশনে খেলুক।

নেইমারের পাশাপাশি তরুণ খেলোয়াড় এন্দরিকের পারফরম্যান্স নিয়েও কোচ তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া এন্দরিকের ওপর তিনি কড়া নজর রাখছেন। সব মিলিয়ে ৩৪ বছর বয়সী নেইমারের জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই সময়ের মধ্যেই তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বমঞ্চে লড়াই করার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত