ফিফা বিশ্বকাপ

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২'র ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে অতিরিক্ত সেই ৩০ মিনিটেও নিষ্পত্তি হয়নি ফল। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দলটি।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের প্রথমার্ধে ইনজুরি টাইমে দুবার গোলের সুযোগ পেয়েছে মরক্কো। ইনজুরি টাইমের ৫ম মিনিটে হাকিমি ডানদিকে উনাহির সাথে বোঝাপড়ায় গোলের চেষ্টা করেছেন।  কিন্তু ভ্যান ডি ভেনের মার্কিংয়ের কারণে তিনি তা করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আশরাফ হাকিমি পেয়েছিলেন গোলের সুযোগ। ৫২ মিনিটের মাথায় উনাহি ১৮-গজ বক্সের দিকে এগিয়ে ডিফেন্স চেরা পাস দিয়েছিলেন আশরাফ হাকিমিকে।  নিয়েছিলেন জোরালো শট। ডাচ গোলরক্ষকও হয়েছিলেন পরাস্ত। তবে সেই শটটি ক্রসবারে লেগে মরক্কোকে গোল বঞ্চিত করে। 

খেলার স্রোতের বিপরীতে গোল পেয়েছে নেদারল্যান্ডস। ৭২ মিনিটের মাথায় লিভারপুল ফরোয়ার্ড গাকপো গোল করেছেন মরক্কো ডিফেন্ডারদের ভুল মার্কিংয়ের সুবাদে। মাঠে নামার কিছুক্ষণ পর ওয়েগহর্স্ট ভারব্রুগেনের হেড থেকে বলটি সামারভিলের দিকে ফিরিয়ে দেন, ডি বক্সের সামান্য বাইরে পা পিছলে সামারভিল পড়ে গেলেও বলটি গাকপোর দিকে বাড়িয়ে দেন। পেছন থেকে দৌড়ে এসে মরক্কো গোলরক্ষককে বোকা বানিয়ে বলটি জালে জড়িয়ে দেন (১-০)।

নির্ধারিত ৯০ মিনিটের শেষ সময়ে এসে গোল করে খেলাটাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যান মরক্কো ডিফেন্ডার ইসা দিওপ। মাঠে নামার কিছুক্ষণ পর তালবি বাঁ প্রান্তে বলের দখল নিয়ে কুপমেইনার্স ও ফন ডাইকের মাঝখান দিয়ে নিখুঁত একটি ক্রস দেন, যে ক্রস থেকে নিখুঁত হেডে সমতায় ফিরেছে মরক্কো (১-১)। মরক্কোর হয়ে এটিই তাঁর প্রথম গোল। এই গোলে ম্যাচটি টেনে নিতে পেরেছে তাঁরা অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ের ৬ষ্ঠ মিনিটের মাথায় অবধারিত গোল থেকে বঞ্চিত হয়েছে মরক্কো।  ডি বক্সে বিপজ্জনকভাবে ঢুকে  সোফিয়ান রাহিমি দুজন ডাচ ডিফেন্ডারকে কাটিয়ে ডাচ গোলরক্ষকের খুব কাছাকাছি থেকে নিয়েছিলেন প্লেসিং শট। দুর্ভাগ্যক্রমে ওই শটটি ডাচ গোলরক্ষকের পায়ে লেগে প্রতিহত হয়।

টাইব্রেকারে মরক্কোর রহিমি, ডায়োপস, ইসমাইল সাইবারী এবং নেদারল্যান্ডসের কুপমেইনারস, ওয়েঘর্স্ট গোল করেছেন। এল আয়নাউয়ি এবং আশরাফ হাকিমি টাইব্রেকারে গোল করতে পারেননি। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লাইভার্ট মেরেছেন পোস্টে, কুইন্টেন টিম্বার্স বল মেরেছেন পোস্টের বাইরে, সামারভিলের শট ঠেকিয়ে দিয়েছেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত