দেশে ফিরেই দায়িত্ব গ্রহণ করবেন হাবিবুল বাশার

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুল বাশার সুমন। একইসঙ্গে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম। আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। আর প্রধান নির্বাচকের নিয়োগ পাওয়ার পরেই বাশার জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা।

এদিকে নিয়োগ পাওয়ার পর গতকাল বুধবার পবিত্র ওমরা পালন করতে গেছেন নির্বাচক প্যানেলের এই প্রধান। ওমরা পালন শেষে দেশে ফিরে নির্বাচক প্যানেলের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

পবিত্র ওমরাহর উদ্দেশে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন বাশার। এর আগে নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বাশার বলেছেন, ‘এক্সাইটেড অবশ্যই। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

বাশার আরও বলেছেন, ‘এখন পর্যন্ত স্কোয়াড তারা (আগের নির্বাচক প্যানেল) দিয়েছে। আমরা ১ এপ্রিল থেকে জয়েন করব। (গাজী আশরাফ হোসেন) লিপু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ২ বছর ধরে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলেন। তার ধারাবাহিকতাও জরুরি। সেটাকেই যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে বসেছিলাম নির্বাচকরা। সামনে আবার বসে কাজ বুঝে নেব। পুরোপুরি কাজ বুঝে নেব সামনের মাস থেকে।’

নিজের নির্বাচক প্যানেল নিয়ে বাশার জানান, ‘অভিজ্ঞতার সাথে তারুণ্যের ভালো মিশেল রয়েছে। হাসিবুল হোসেন শান্ত আগে থেকেই ছিলেন। নাঈম ইসলাম অনেক দিন ধরে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক খেলেছেন। জাতীয় দলের বাইরে যারা খেলছেন তাদেরকে ভালোভাবে দেখাটাও জরুরি। নাঈম অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছেন, সেখানে ভালো ইনপুট আমরা পেতে পারব। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ঘরোয়াতে খেলেছেন। এটা ইতিবাচক সাইন।

সবাই ক্রিকেটের সাথেই আছেন, ক্রিকেট নিয়েই আছেন, প্লেয়ার নির্বাচনে এগুলো কাজে দিবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত