ফিফা বিশ্বকাপ

কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

প্রথমার্ধে গোল না পেলেও মরক্কোকে বেশ চাপে রেখেছিল কানাডা। তবে দ্বিতীয়ার্ধে রীতিমতো উড়ে গেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি। শেষ পর্যন্ত কানাডাকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আফ্রিকার এই পরাশক্তি।

হিউস্টনে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুটা ছিল কানাডার। পঞ্চম মিনিটেই জনাথন ডেভিডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইয়াসিন বুনু। ছয় মিনিট পর আবারও নায়ক হয়ে ওঠেন মরক্কোর গোলরক্ষক। তানি ওলুওয়াসেইয়ের কাছ থেকে আসা নিচু শট পা বাড়িয়ে ফিরিয়ে দেন তিনি। বলের দখল মরক্কোর কাছে থাকলেও আক্রমণের ধার ছিল না। বরং কানাডাই বারবার প্রতিপক্ষের রক্ষণে অস্বস্তি তৈরি করছিল।

এর মধ্যে ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর ফর্মে থাকা ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। আক্রমণের গতি আরও কমে যায়। প্রথম ২৫ মিনিটে একটিও শট নিতে পারেনি আটলাস লায়নরা। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য। তবে গোলের চেয়ে আলোচনায় ছিল রেফারির পকেট থেকে বের হওয়া হলুদ কার্ড। বিরতির আগে দুই দল মিলিয়ে ছয়টি হলুদ কার্ড দেখে ম্যাচটি হয়ে ওঠে বেশ উত্তপ্ত।

তবে বিরতি থেকে ফিরেই যেন ম্যাচের পুরো চিত্রনাট্য বদলে দেয় মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ম্যাচের ৫০ মিনিটে দেখা গেল দারুণ এক ‘ট্যাকটিক্যাল মাস্টারক্লাস’।

ডান প্রান্তে পাওয়া এক ফ্রি-কিক থেকে সরাসরি শট না নিয়ে আশরাফ হাকিমি আলতো করে বল বাড়িয়ে দেন বক্সের কাছাকাছি ওত পেতে থাকা আজ্জেদিন উনাহির দিকে। কানাডার রক্ষণভাগ কিছু বুঝে ওঠার আগেই উনাহির নেওয়া চমৎকার এক মাটি কামড়ানো শট সরাসরি জড়ায় জালে! আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

খেলার শেষ দিকে যখন গোল শোধ করতে মরিয়া কানাডা অলআউট আক্রমণে মেতেছিল, ঠিক তখনই আবার গোল করেন উনাহি। ৮২ মিনিটে দলকে ২-০ তে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচের একদম শেষ দিকে স্বাগতিকদের কফিনে অন্তিম পেরেকটি পুঁতে দেন সুফিয়ান রাহিমি।

কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে দারুণ এক ক্লিনিক্যাল ফিনিশিংয়ে কানাডার জাল কাঁপান তিনি।  

শেষ পর্যন্ত ৩ গোলের বিশাল ও দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। প্রথমার্ধের লড়াইয়ে বুক চিতিয়ে লড়লেও দ্বিতীয়ার্ধের মরক্কো-ঝড়ে উড়ে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো কানাডাকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত