লিভারপুলের সাথে জয় পেয়ে চমক দেখালো উলভারহ্যাম্পটন

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখাচ্ছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। আগের ম্যাচে জয়ের কারণে মৌসুমে সবচেয়ে কম পয়েন্ট পাওয়ার লজ্জা থেকে রক্ষা পায় তারা। এবার লিভারপুলের মত দলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখালো উলভারহ্যাম্পটন। ১-১ গোলে ম্যাচটি শেষ হতে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আন্দ্রের গোলের সুবাদে লিভারপুলকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে তারা- যা ২০২৪ সালের এপ্রিলের পর এই প্রথম।

লিগ টেবিলের তলানিতে থাকা উলভস আগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠ মোলিনেক্সে নামা দলটি এবার হারাল শীর্ষ চারে ওঠার লড়াইয়ে থাকা লিভারপুলকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আন্দ্রের ডিফ্লেক্টেড শট জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ম্যাচের শুরুতে স্বভাবতই বলের দখল নিয়ে আক্রমণে ছিল লিভারপুল। কোডি গাকপোর শট হোসে সা সহজেই রুখে দেন। তবে প্রথমার্ধে বড় সুযোগ তৈরি করতে পারেনি আর্নে স্লটের দল।

এদিন ম্যাচে ছিল আবেগঘন এক পরিবেশ। প্রয়াত দিয়োগো জোতার স্মরণে দুই দলের সমর্থকরাই দাঁড়িয়ে সম্মান জানান। ১৮ মিনিটে মোলিনেক্সে তার জার্সি নম্বর স্মরণ করা হয়, ২০ মিনিটে লিভারপুল সমর্থকরা গেয়ে ওঠেন তার নাম। প্রথমার্ধে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও উলভস ছিল সংগঠিত ও শৃঙ্খলিত। দূরপাল্লার শট ছাড়া তেমন হুমকি তৈরি করতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে লিভারপুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। হুগো একিতিকের ফ্লিক থেকে বদলি কার্টিস জোন্স প্রায় গোল পেয়েই গিয়েছিলেন; কিন্তু তার কাছ থেকে আসা বল বার ছুঁয়ে ফিরে আসে- অবিশ্বাস্য এক মিস। চাপের মুখে থেকেও ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় উলভস। লং বল থেকে টোলু অ্যারোকোদারে ভার্জিল ফন ডাইককে কাটিয়ে বল বাড়ান রদ্রিগো গোমেসের কাছে। তিনি এগিয়ে আসা অ্যালিসনের ওপর দিয়ে নিখুঁত চিপ শটে গোল করে দলকে লিড এনে দেন। গোল হজম করে মরিয়া হয়ে ওঠে লিভারপুল।

বদলি রিও নগুমোহা প্রায় সমতা ফেরাতে যাচ্ছিলেন; কিন্তু সা তার শট পোস্টে ঠেলে দেন। শেষ পর্যন্ত সমতা আসে মোহাম্মদ সালাহর পা থেকে। জ্যঁ-রিকনার বেলেগার্দের ভুল পাস কাড়েন সালাহ, শক্ত শটে জালে বল পাঠিয়ে ১০ ম্যাচ ও ১২২ দিনের গোলখরা কাটান তিনি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই আসে চূড়ান্ত নাটক। অ্যালিসনের লম্বা বল সরাসরি পৌঁছে যায় ইয়ারসন মসকেরার কাছে। সেখান থেকে বল পান আন্দ্রে। তার শট জো গোমেজের গায়ে লেগে দিক বদলে অ্যালিসনের নাগালের বাইরে চলে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলটি নিশ্চিত করে উলভসের ঐতিহাসিক জয়।

এই হারে লিভারপুলের তিন ম্যাচের জয়যাত্রা থেমে গেল। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলো তারা। শীর্ষ চারে ওঠার সুযোগ হাতছাড়া হলো এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বড় ধাক্কা খেল। ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে একধাপ ওপরে অ্যাস্টন ভিলা।

অন্যদিকে অবনমনের শঙ্কা থাকলেও উলভস লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল। এই জয়ে তারা উপরের দল বার্নলির থেকে মাত্র তিন পয়েন্ট দূরে উঠে এসেছে, যদিও টিকে থাকার সমীকরণ এখনো কঠিন। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৬।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত