স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা। এ ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে হবে।

কুমিল্লার ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল, সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলা শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে গ্রাউন্ড লেভেলে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে কিছু মানুষ এখনো ফুটবলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম। তখন মোহামেডানের স্বর্ণযুগ ছিল। আজ মাঠে বসে মোহামেডানের জয় দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মোহামেডান আমার কাছে আবেগের জায়গা। মোহামেডানের খেলার খবর শুনেই স্টেডিয়ামে ছুটে এসেছি। তবে কুমিল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, যা খেলাধুলার জন্য বড় বাধা। গত সপ্তাহে স্টেডিয়ামে এসে আমি আশাহত হয়েছি। কাদা-পানিতে ফুটবল খেলা হতে পারে না। এ মাঠে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত জরুরি। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আবেদন করার আহবান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা আবেদন করেন, আমি ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ মাঠে নিয়ে এসে দেখাব জেলা পর্যায়ে খেলাধুলার কী বাজে অবস্থা।

পরবর্তীতে কনফারেন্স রুমে কুমিল্লার ক্লাব প্রধানদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপলসহ মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রধানরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত