আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

আমার শহর স্পোর্টস ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৭: ৫৫
Thumbnail image

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণার বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ফলটা প্রত্যাশিত না হলেও গর্ব নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তায় ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। ফলাফল আমাদের পক্ষে আসেনি। কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। মাঠে আমি সবকিছুই দিয়েছি, এসন তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি।’

২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ওটামেন্ডি আরও লিখেছেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য।’

আর্জেন্টিনার জার্সিতে ১৩৯টি ম্যাচ এবং চারটি বিশ্বকাপে খেলেছেন ওটামেন্ডি। গোল করেছেন ৮টি। দেশের হয়ে ২০২২ সালের বিশ্বকাপ এবং দু’টি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার নির্ভরযোগ্য সদস্য ছিলেন ওতামেন্দি। কিন্তু বিশ্বকাপের শেষটা রঙিন হয় আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে লিওনেল মেসির দল।

ইউরোপীয় ক্লাব ফুটবলে জনপ্রিয় ডিফেন্ডারদের একজন ওটামেন্ডি। পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।

সম্প্রতি নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সি ওটামেন্ডি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত