ম্যাককালামের উপরই আস্থা ইসিবির

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

সমালোচনা ও হতাশাজনক পারফরম্যান্সের পরও ইংল্যান্ড দলের কোচিং ও নেতৃত্ব কাঠামোয় কোনো পরিবর্তন আনছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বোর্ড নিশ্চিত করেছে, তিন সংস্করণের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ব্রেন্ডন ম্যাককালাম। একই সঙ্গে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেন স্টোকসই থাকছেন, আর সহ-অধিনায়ক পদে থাকবেন হ্যারি ব্রুক। ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বও আগের মতো পালন করবেন রব কি।

ম্যাককালামের সঙ্গে ইসিবির চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের কোচিং সেটআপ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইঞ্জুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এমন হার ইংলিশ ক্রিকেটে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, গত কয়েক মাসে ড্রেসিংরুমের পরিবেশ ও দলের সংস্কৃতি নিয়েও নানা আলোচনা হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ইসিবি জানায়, দলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার পর সেই পর্যালোচনার অংশ হিসেবেই কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। সবশেষে বোর্ডের সিদ্ধান্ত, বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রাখা হচ্ছে।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ম্যাককালাম, স্টোকস ও রব কি তিনজনই নিজ নিজ দায়িত্বে বহাল থাকছেন। অ্যাশেজ চলাকালে ম্যাককালাম ও স্টোকসের সম্পর্ক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে ভিন্নধর্মী খবর ছড়ালেও প্রকাশ্যে দুজনই একে অপরের পাশে থাকার কথা বলেছেন। বোর্ডের পক্ষ থেকেও তাদের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রব কি বলেন, “শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলেন ব্রেন্ডন ম্যাককালাম।”

তিনি আরও যোগ করেন, “অনেক অনেক সাফল্য আমরা পেয়েছি তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত