বিশ্বকাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

আরেকটি বিশ্বকাপ আসন্ন, যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল স্কালোনি-মেসির আর্জেন্টিনা। তার আগে দেশটির ঘরোয়া ফুটবলে চলছে অস্থিরতা, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়াও জড়িয়ে পড়েছেন নানা বিতর্কে।

২০২২ বিশ্বকাপ জয়ের পর তিনি দর্শকদের সামনে ট্রফি নিয়ে হাজির হয়ে অভিবাদন পেতেন। আর এখন দুয়োধ্বনি পড়ে তাপিয়ার উদ্দেশে। এমনকি তার সিদ্ধান্তের কারণে মেসি-আলভারেজদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে বলেও মনে করা হচ্ছে!

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। তার আগে আর্জেন্টিনার ফুটবল প্রধান একের পর এক অভিযোগে জর্জরিত হচ্ছেন। তাপিয়ার বিরুদ্ধে ঘরোয়া লিগে অপ্রিয় পরিবর্তন এবং দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মতো বিষয় নিয়ে দুর্নীতির তদন্ত চলছে, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। এ ছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সঙ্গে ক্ষমতার দ্বন্দেও জড়িয়ে পড়েছেন ৫৮ বছর বয়সী এএফএ সভাপতি।

মিলেই দেশের ফুটবল ক্লাবগুলো বেসরকারিকরণের পক্ষে, যা এএফএ বরাবরই বিরোধিতা করে আসছে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে। বাণিজ্যিক লাভের জন্য তারা ইউরোপের শক্তিশালী দলের বদলে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলছে। ইন্দোনেশিয়া, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো নিম্নের র‌্যাঙ্কিং দলের বিপক্ষে খেলার বিষয়টি বহুল আলোচিত বিষয়।

এ ছাড়া সামনে হন্ডুরাস ও আইসল্যান্ডের মতো দলের সঙ্গে ম্যাচ রয়েছে, যারা বিশ্বকাপে জায়গা পায়নি। সবমিলিয়ে মাঠের বাইরের অস্থিরতার মধ্যেই শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের দিকে এগোচ্ছে আর্জেন্টিনা। অনেকের মতে- এই সংকট বিশ্বকাপে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত