বাহাউদ্দীনের অভিযোগের জবাব দিলেন সাবেক কাউন্সিলর কাজী মাহবুব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৯: ৩৯
Thumbnail image

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের অভিযোগের জবাব দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা কাজী মাহবুবুর রহমান।

তিনি সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীনকে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে অভিযোগ দেওয়া পরিহার করার আহবান জানান। নিজের ফেসবুক আইডিতে গতকাল রোববার মধ্যরাতে কাজী মাহবুব ওই আহবান জানান।

বিদেশে অবস্থান করা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের সম্প্রতি একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বাহাউদ্দীন বলেছেন, মহানগর যুবলীগ নেতা ও তাঁর ঘনিষ্ঠজন নাজমুল ইসলাম শাওন ২১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানকে দিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারি কাজ তুলে নেয়। এরই পরিপ্রেক্ষিতে কাজী মাহবুবুর রহমান ফেসবুকে বক্তব্য উপস্থাপন করেন।

কাজী মাহবুবুর রহমানের ফেসবুকে লেখা বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘সাবেক কুমিল্লা সদর ৬ আসনের এমপি, আ ক ম বাহাউদ্দিন সাহেবের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেখানে উনি আমাকে নিয়ে মনগড়া কিছু অপতথ্য ছড়িয়েছে যে, আমি মহানগর যুবলীগ নেতা শাওন কে সহযোগিতা করে, ওর কাজ উঠিয়ে দিয়েছি। উনাকে আহবান করবো উনি অথবা উনার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন সঠিক তথ্য প্রমান সহ বক্তব্য প্রদান করুন। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে অভিযোগ দেওয়া পরিহার করুন। আমি কুমিল্লা সিটি কর্পোরেশন এ, ২০১২ সাল থেকে মামলা হামলায় নির্যাতিত হয়েও সাধারণ জনগণের ভালোবাসায় তিন তিনবার নির্বাচিত হয়েছি। অনেকেই অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছি। এইসব মনগড়া কথা বলে আমার সম্মান ও জনপ্রিয়তা ক্ষুন্ন করার অপচেষ্টা করে লাভ হবে না ইনশাআল্লাহ।’

তবে এ ব্যাপারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর অন্তত পাঁচজন ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী আমার শহরকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিনি বিদেশে অবস্থান করছেন। ঘুরে ফিরে কয়েকটি দেশে থাকছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত