ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৩: ০২
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাত থেকে শুরু হওয়া যানজট আজ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকার আষিড়ারচর এলাকায় একটি ব্রিজের সংস্কারকাজ চলমান রয়েছে। সেখানে থেকে প্রতিবন্ধকতার শুরু হয়। পরবর্তীতে এ যানজট কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যার ফলে মহাসড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রী জানান, শনিবার দুপুর ১২টায় আমার ভাতিজার ফ্লাইট। রাতে ঢাকার উদ্দেশে রওনা দিই। পথে দাউদকান্দি এলাকায় আটকা পড়ি। সকাল পর্যন্ত অপেক্ষা করি। কোনো প্রতিকার না পেয়ে ভ্যান ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা করেছি। শেষ পর্যন্ত বিমানবন্দরে পৌঁছাতে পারি কিনা আল্লাহ ভালো জানেন।

রাত সাড়ে চারটার দিকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় আটকা পড়েন মাহমুদ হাসান নামে এক সাংবাদিক। তিনি বলেন, আটকা পড়ার পর প্রথমে ভাবলাম সড়ক দুর্ঘটনার কারণে এমন হয়েছে। পরে হাইওয়ে পুলিশকে ফোন করি। তারা যানজটের কারণ জানিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত এক লেন বন্ধ করে নারায়ণগঞ্জে ব্রিজের সংস্কারকাজ চলে। সকালে দুই লেনই খুলে দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত