বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালন

এই সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বিকশিত করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ০১
Thumbnail image

বিনম্র শ্রদ্ধায় কুমিল্লায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বিজয় দিবসের এই সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বিকশিত করার তাগিদ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে টাউন হলে কর্মসূচি করা হয়। এই দিনে সরকারি আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ছয়টায় কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক নুরে আলম ভূঁইয়া ও রফিকুল ইসলাম খান ফুল দেন। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিএনপির পক্ষে ফুল দেন। পরে এস আর প্ল্যানেট হলে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান।

সকাল সাড়ে আটটায় ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম নেন।

বাদ জোহর মসজিদে মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত হয়। এছাড়া সকল মন্দির গীর্জা, প্যাগোডায় ও প্রার্থনা হয়।। বিকেল তিনটায় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ হয় স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনগুলো মহান বিজয় দিবস উপলক্ষে নানা ধরণের কর্মসূচি পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হয়েছে নানা ধরণের অনুষ্ঠান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত