রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহনীয় রাখতে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযান

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার, মাংস ও নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ এবং প্রতিদিন হালনাগাদ করে দোকানের দৃশ্যমান স্থানে টানানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত টিম বিভিন্ন দোকানে পণ্যের মান, মূল্য ও ওজন যাচাই করে। কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ যাতে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত