চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সোলেমান মিয়া (১৯) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কান্দাপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাত তিনটায় মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের রহমানিয়া হোটেলে খাওয়ার জন্য থামে কাভার্ডভ্যান। খাওয়া শেষে পুনরায় যাত্রা করার উদ্দেশ্যে চালক তাঁর সিটে বসে হেলপার সোলেমান মিয়াকে পেছনের চাকা চেক করে আসার জন্য বলেন। কিছুক্ষণের মধ্যেই হেলপার পেছনের চাকা দেখার সময় অপর একটি কাভার্ডভ্যান স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় হেলপার সোলেমান মিয়া ও চালক জয়নাল আবেদীন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলেমান মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আহত চালক জয়নাল আবেদীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দুইটি কাভার্ডভ্যান ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত