চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের প্রয়াত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে চলা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সংকেত না দিয়ে মহাসড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এতে পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন।’

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত