লাকসামে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী লাকসাম পৌর বদরুন্নেসা ও ফয়েজুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ১ হাজার ৩২৫ জন সেবাপ্রার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ১২ জন চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত মেডিকেল টিম সাধারণ রোগ, চর্মরোগ, ডায়াবেটিস, রক্তচাপ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

৩৩ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে। জনস্বাস্থ্যের উন্নয়নে এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

লাকসাম উপজেলা প্রশাসনের প্রতিনিধি ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল জাফরান বলেন, সেনাবাহিনীর প্রধানের প্রত্যক্ষ গাইডলাইন ফলো করে সাধারণ মানুষের মধ্যে যারা সহজে বিনামূল্যে চিকিৎসা পায়না তাদের জন্য একটি বিশেষজ্ঞ টিম নিয়ে এসেছি, এ মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এমন একটি মহৎ আয়োজন হওয়ায় স্থানীয় মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। এই মহতি কাজে আমাদের বিদ্যালয় ব্যবহার করার আমরা খুশি।

ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, সকাল থেকেই বিপুল সংখ্যক রোগী আসতে শুরু করে। সাধারণ রোগের পাশাপাশি জটিল কিছু সমস্যার প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় নাগরিক ডেন্টিস্ট আমজাদ হোসেন বলেন, এই ধারাবাহিকতা প্রতি তিনমাস অন্তর হলে মানুষ উপকৃত হবে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা শ্যামলা বেগম বলেন, এত ভালোভাবে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা খুবই উপকৃত। নিয়মিত এমন ক্যাম্প হলে গরিব মানুষের অনেক উপকার হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত