লালমাইয়ে নির্বাচনী সভা

কুমিল্লা হবে পৃথিবীর অন্যতম মহানগর: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২১: ১৬
Thumbnail image

কুমিল্লা হবে পৃথিবীর অন্যতম মহানগর। এতে নাগরিক সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। এটি হবে ক্লিন সিটি। এখানে হবে স্যাটেলাইট সিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে সব আছে। এতে রাষ্ট্র কাঠামো গঠনের সার্বজনীন দিক নির্দেশনা আছে। বিএনপি এই ৩১ দফার মধ্যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার অঙ্গীকারও আছে।

আজ শনিবার বিকেলে কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার লালমাই উচ্চবিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়ন ও এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস) আসনে বিএনপির প্রার্থী জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ৫০০ বছরের ইতিহাসে এমন নিরহংকার, নির্ভেজালভাবে দেশের কল্যাণে কেউ যদি কোন দফা দিয়ে থাকে সেটা হলো তারেক রহমানের ৩১ দফা। এই দফায় রাষ্ট্র গঠনের সার্বজনীন দিক, সমাজের কৃষক, নাপিত, দিন মজুরের অধিকার থেকে শিক্ষা, কর্মসংস্থান সকল কিছুর সুস্পষ্ট সংস্কার রয়েছে। এটা যদি অন্য দলের নেতারা পড়তেন তাহলে তারা আর নতুন করে সংস্কার চাইতেন না।

তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণ থেকে পাঁচথুবী, পূর্বে ভারতীয় সীমান্ত এলাকা থেকে পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত কুমিল্লা মহানগরকে এমনভাবে সাজাবো যেন কুমিল্লা পৃথিবীর মধ্যে একটি অন্যতম মহানগর হিসবে উদাহরণ হয়ে থাকে। এই দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে, তারেক রহমানের প্রচেষ্টায়, ইউনুস সরকারের বদন্যতায় আমরা নির্বাচনের ধারপ্রান্তে এসেছি। বিএনপির দূরদর্শিতায় তিন মাস আগে নির্বাচনের প্রার্থী ঘোষনা করেছে। আমাকে মনোনীত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা ১০ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী গফুর ভুঁইয়া বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে সুখী সমৃদ্ধির বাংলাদেশ গঠন হবে।

গফুর ভূঁইয়া বলেন, কুমিল্লা ৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন করে দল বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তিনি এমন একজন নেতা যিনি সর্বদা মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নের কথা ভাবেন।

বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ তুহিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির প্রস্তাবিত সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত