উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে অবহেলিত জনপদে: সেলিম ভূঁইয়া

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ভাটিপাড়া গ্রামকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অবহেলিত অঞ্চল উন্নয়নের আলোয় আলোকিত হবে। উন্নয়নের সুফল থেকে কোনো জনপদ বঞ্চিত থাকবে না।

আজ শুক্রবার বিকেলে পূর্ব ভাটিপাড়া শ্রী শ্রী কালী বাড়ি মাঠে আয়োজিত ‘অবহেলিত ভাটিপাড়ার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাটিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সভায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা এবং সামাজিক অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ডা. এনামুল হক। সভার শুরুতেই তিনি ভাটিপাড়া এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, ভাঙাচোরা সড়ক, যোগাযোগ সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুর্বলতার বিষয়গুলো তুলে ধরেন। এলাকার উন্নয়নে তাঁর সুসংগঠিত উপস্থাপনা উপস্থিত অতিথি ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

ডা. এনামুল হকের উত্থাপিত সমস্যাগুলোর প্রেক্ষিতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ভাটিপাড়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আগামী বাজেটে এ অঞ্চলের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বক্তব্যে সংসদ সদস্য দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অন্যের সম্পত্তি বা অধিকার অন্যায়ভাবে ক্ষুণ্ণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিরুল হক। সভা সঞ্চালনা করেন ভাটিপাড়া শ্রী শ্রী রক্ষা কালীবাড়ির সভাপতি ইন্দ্রজিৎ দেব।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। উন্নয়ন প্রত্যাশী গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং এলাকার সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনা সভাটিকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয়দের মতে, ভাটিপাড়ার উন্নয়ন নিয়ে এমন আয়োজন ভবিষ্যৎ অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত