তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। এসময় প্রতিজন কৃষককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, তিল একটি গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল। উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তিলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণকালে কৃষকদের তিল চাষের আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

ঐচারচার গ্রামের কৃষক আব্দুল হাকিম ও মঙ্গলকান্দি গ্রামের হযরত আলী জানান, সরকারের এই সহায়তা তাদের তিল চাষে আরও আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। তারা জানান, সরকার আমাদের বিভিন্ন কৃষি সামগ্রী বিনামূল্যে দেওয়া কৃষির প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বেড়ে চলেছে।

উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতিকুর রহমান খান এবং উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম ও কাউছার আহমেদসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত