তিতাসে থানা গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাস থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছিল। বুধবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে মারামারি হয়। পরে উভয়পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। একপক্ষ অভিযোগ দায়েরের পর থানার গেট এলাকায় গেলে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রান্নাঘর নিয়ে নাগেরচর গ্রামের মো. শাহ আলম ও তাহের আলী দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয়পক্ষ থানায় এলে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার ভিডিওসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত