ভাস্কর মজুমদার

আমার বন্ধু মানিকের ফোন এলে আজকাল আনন্দের পাশাপাশি খানিকটা আতঙ্কও হয়। কারণ, মানিকের ফোন মানেই ইলিশের খবর, আর ইলিশের খবর মানেই সংসারের মাসিক বাজেটে সম্ভাব্য ভূমিকম্প!
মানিক বন্ধু অন্তপ্রাণ মানুষ। আমাদের বন্ধুমহলে সে ‘ইলিশ মানিক’ নামে পরিচিত। চাঁদপুর থেকে বাছাই করা ইলিশ সংগ্রহ করে সামান্য লাভে পৌঁছে দেয় সারা বাংলাদেশে। ইলিশের স্বাদ নিয়ে আমাদের যত আবদার, যত বায়না, সবই তার কাছে। আমরাও নিশ্চিন্তে তার ওপর ভরসা করি। মানিক আমাদের ঠকায় না, ঠকাচ্ছে বোধহয় সময় আর অর্থনীতি।
ভালো আকারের ইলিশের দাম কেজিপ্রতি তিন হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। দুটো ইলিশ কিনতে গেলে এখন নিম্ন আয়ের একজন মানুষের মাসিক আয়ের বড় একটা অংশ বেরিয়ে যেতে পারে। মাছের বাজারে দাঁড়িয়ে ইলিশের দিকে তাকালে আজকাল গয়নার দোকানের সামনে দাঁড়ানোর মতো অনুভূতি হয়। দেখার অধিকার আছে, কেনার সামর্থ্য সবার নেই।
অথচ ইলিশ তো কোনো বিদেশি বিলাসপণ্য নয়। এর জন্য ডলার খরচ করে কাঁচামাল আমদানি করতে হয় না। কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানায় এর জন্ম হয় না। আমাদের নদী, আমাদের সমুদ্র, আমাদের জেলেদের শ্রমেই এই রুপালি সম্পদ উঠে আসে। তারপরও কেন এই মাছ আমাদেরই নাগালের বাইরে?
ছোটবেলায় বাজার থেকে বাবা ইলিশ নিয়ে ফিরলে মা কখনো জিজ্ঞেস করতেন না, আজ কী উপলক্ষ? ইলিশ খাওয়ার জন্য তখন উপলক্ষের প্রয়োজন হতো না। বরং ইলিশ বাড়িতে আসাটাই ছিল একটা উপলক্ষ। রান্নাঘরে ইলিশ ভাজার গন্ধ ছড়িয়ে পড়লে পাশের বাড়ির মানুষও টের পেতেন। মাছের মাথা দিয়ে কচুশাক, লেজ দিয়ে ভর্তা, ভাজার তেল দিয়ে গরম ভাত। একটা ইলিশকে ঘিরে গোটা সংসারের কী অপূর্ব আনন্দ ছিল!
এখনকার শিশুরা হয়তো একদিন বাংলা বইয়ে পড়বে, ‘ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ।’ তারপর বাবাকে জিজ্ঞেস করবে, ‘বাবা, জাতীয় মাছের স্বাদ কেমন?’
জাতীয় মাছের সঙ্গে একটি জাতির পরিচয় যদি শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ হয়ে যায়, তার চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!
ইলিশের বাজারে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মাছের দাম বাড়ছে, অথচ জেলের ভাগ্য সেভাবে বদলাচ্ছে না। চাঁদপুরের ঘাটে অসংখ্য জেলের জীবনসংগ্রামের দিকে তাকালেই বোঝা যায়, তিন হাজার টাকা কেজির ইলিশের সঙ্গে তাঁদের সংসারের অর্থনীতির সম্পর্ক কতটা ক্ষীণ। ছেঁড়া জাল, পুরোনো নৌকা, মহাজনের দাদন আর অনিশ্চিত জীবিকা নিয়েই তাঁদের দিন কাটে। উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষটি ইলিশ ধরে আনেন, তাঁর নিজের সন্তানের পাতে বড় ইলিশ ওঠে কি না, সে খবর আমরা কেউ রাখি না।
একদিকে জেলের দারিদ্র্য, অন্যদিকে ক্রেতার দীর্ঘশ্বাস। মাঝখানে এত টাকার ইলিশ! অর্থনীতির এই অঙ্কটা বড় অদ্ভুত।
অবশ্য ইলিশের মূল্যবৃদ্ধির সমস্ত দায় ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দিলেও সত্যের প্রতি সুবিচার করা হবে না। নদীর নাব্যতা হ্রাস, দূষণ, ইলিশের স্বাভাবিক বিচরণক্ষেত্রের সংকোচন, জলবায়ুর পরিবর্তন, নির্বিচারে জাটকা নিধন, নিষিদ্ধ জালের ব্যবহার, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি, সবকিছুই ইলিশের উৎপাদন ও বাজারকে প্রভাবিত করতে পারে।
আমরা নদীর বুক দখল করে স্থাপনা বানাব, শিল্পকারখানার বর্জ্য নদীতে ফেলব, বড় হওয়ার আগেই জাটকা ধরে খাব, আবার প্রত্যাশা করব বাজারে সস্তায় বড় ইলিশ পাওয়া যাবে। প্রকৃতির সঙ্গে এমন একতরফা চুক্তি পৃথিবীর কোথাও কার্যকর হয়নি।
তবে উৎপাদনের সংকটের পাশাপাশি বাজারের সংকটটিও খতিয়ে দেখা জরুরি। ঘাটে মাছের দাম কত, আড়তে কত, পাইকারি বাজারে কত এবং শেষ পর্যন্ত ভোক্তা কত টাকায় কিনছেন, এই হিসাব সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। একটি মাছ জেলের হাত থেকে ক্রেতার হাতে পৌঁছাতে গিয়ে তার দাম কতটা বাড়ছে এবং কেন বাড়ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
ইলিশ রপ্তানি নিয়েও প্রতিবছর আমাদের আবেগের পারদ চড়ে। রপ্তানি বন্ধ হলেই ইলিশের দাম কমে যাবে, এমন সরল সমীকরণে বিশ্বাস করার কারণ নেই। আবার দেশের মানুষের ক্রয়ক্ষমতাকে উপেক্ষা করে বিদেশের বাজারকে অগ্রাধিকার দেওয়াও যুক্তিসংগত নয়। রপ্তানি হোক, বৈদেশিক মুদ্রা আসুক, বাংলাদেশের ইলিশের সুনাম পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ুক। কিন্তু নিজের ঘরের শিশুটির মুখে ইলিশের স্বাদ তুলে দেওয়ার সামর্থ্যটুকুও যেন একজন বাবা হারিয়ে না ফেলেন।
সমাধান খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। জেলেদের মহাজনের দাদন থেকে মুক্ত করতে সহজ শর্তে ঋণ দিতে হবে। নিষেধাজ্ঞার সময়ে তাঁদের পরিবারের খাদ্য ও জীবিকার নিশ্চয়তা দিতে হবে। যে জেলের ঘরে চাল নেই, তাঁকে নদীতে মাছ ধরতে নিষেধ করে শুধু আইন দিয়ে ইলিশ রক্ষা করা কঠিন।
মাছের ঘাটে স্বচ্ছ নিলামব্যবস্থা, দৈনিক বাজারদর প্রকাশ, জেলে সমবায়ের মাধ্যমে সরাসরি বিপণন, আধুনিক হিমাগার এবং অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগী কমানোর উদ্যোগ নিতে হবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মুনাফার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি নদী রক্ষাকে কেবল পরিবেশবাদীদের আন্দোলনের বিষয় না ভেবে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
আমার বন্ধু মানিকের মতো মানুষের উদ্যোগগুলোও এখানে প্রাসঙ্গিক। উৎপাদনস্থল থেকে সরাসরি ভোক্তার কাছে মাছ পৌঁছে দেওয়ার এমন ব্যবস্থা বড় পরিসরে গড়ে উঠলে জেলে ও ক্রেতা উভয়েই উপকৃত হতে পারেন। মানিক একা বাংলাদেশের ইলিশের বাজার বদলে দিতে পারবে না, কিন্তু তার কাজের মধ্যে বাজার সংস্কারের একটা ছোট্ট ইঙ্গিত নিশ্চয়ই আছে।
অর্থনীতির উন্নয়ন শুধু মাথাপিছু আয়, উঁচু ভবন, প্রশস্ত সড়ক কিংবা বড় বড় অবকাঠামো দিয়ে বিচার করা যায় না। সাধারণ মানুষের খাবার টেবিলেও উন্নয়নের প্রতিফলন থাকতে হয়। যে খাবার গত প্রজন্মের সাধ্যের মধ্যে ছিল, তা যদি পরবর্তী প্রজন্মের কাছে বিলাসপণ্য হয়ে ওঠে, তাহলে উন্নয়নের হিসাবের খাতাটা আরেকবার খুলে দেখা প্রয়োজন।
আমি কোনো অর্থনীতিবিদ নই, মৎস্যবিজ্ঞানীও নই। আমি একজন সাধারণ বাঙালি, যে ইলিশ ভাজার গন্ধে নিজের শৈশব খুঁজে পায়। যে চায়, তার সন্তানেরাও একদিন সেই গন্ধের সঙ্গে নিজেদের শৈশবকে মেলাতে পারুক।
মানিকের ফোন আসুক। ইলিশের খবর আসুক। বন্ধুমহলে ইলিশ নিয়ে হাসিঠাট্টা চলুক। শুধু মাছের দাম শুনে সেই হাসিটা যেন থেমে না যায়।
পৃথিবীর কাছে আমাদের ইলিশের পরিচয় হোক বাংলাদেশের রুপালি সম্পদ হিসেবে, আর বাংলাদেশের মানুষের কাছে তার পরিচয় থাকুক প্রিয় খাবার হিসেবে।
জাতীয় মাছ গোটা জাতির গর্ব, অথচ তার স্বাদ গ্রহণের সামর্থ্য ক্রমশ বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই বৈষম্যের অবসান হোক।
ইলিশের কাঁটা বাছতে বাঙালি চিরকালই অভ্যস্ত। কিন্তু ইলিশ কিনতে গিয়ে সংসারের বাজেটের কাঁটা বাছতে হবে, এমন বাংলাদেশ তো আমরা চাইনি।
ভাস্কর মজুমদার: জেনারেল ম্যানেজার - মার্চেন্ডাইজিং, ব্র্যাক আড়ং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।