ভাস্কর মজুমদার

একটি শিশু মাথা নিচু করে মোবাইলের পর্দায় আঙুল চালিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পরপর বদলে যাচ্ছে দৃশ্য, মুখ, শব্দ আর বিষয়। কখনও হাসির ভিডিও, কখনও চমক, কখনও এমন কিছু, যার অর্থ বুঝে ওঠার আগেই পরের দৃশ্য এসে পড়ছে। শিশুটিকে দেখতে দেখতে আমার নিজের শৈশবের কথা মনে হয়। আমাদের হাতেও একসময় পৃথিবীর বাইরে যাওয়ার দরজা ছিল। সেই দরজা খুলত একটি বইয়ের মলাট সরিয়ে।
আমার শৈশবে বই পড়ার অভ্যাস গড়ে উঠেছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের হাত ধরে। আজ ফিরে তাকালে মনে হয়, জীবনের বড় প্রাপ্তিগুলোর একটি ছিল সেই পরিচয়। পাঠ্যবইয়ের বাইরেও যে বিশাল একটি জগৎ আছে, যেখানে পরীক্ষার নম্বরের জন্য ঢুকতে হয় না, আনন্দের টানেই ঢুকে পড়া যায়, সেই সন্ধান পেয়েছিলাম বইয়ের কাছে। একটি বই শেষ করার পর আরেকটি বই পড়ার আগ্রহ জন্মাত। পরিচিত পৃথিবীর মধ্যে থেকেও কত দূরে চলে যাওয়া যেত!
আজ নিজের সন্তানদের প্রজন্মের দিকে তাকিয়ে প্রশ্ন জাগে, সেই অভ্যাস, সেই আনন্দ কি আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি? আমাদের জন্য কেউ যে দরজাটি খুলে দিয়েছিলেন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি সেটি খোলা রেখেছি?
আমাদের পাঠের পৃথিবী ছিল বিচিত্র। সেখানে গোপাল ভাঁড়ের বুদ্ধি আর হাস্যরস ছিল, রূপকথার রাজপুত্র, রাজকন্যা আর অসম্ভব সব অভিযান ছিল। বয়স বাড়ার সঙ্গে সেই পৃথিবীতে এসে দাঁড়িয়েছিল ভিক্টর হুগোর ‘লা মিজারেবল’-এর জাঁ ভালজাঁ। একজন মানুষের অপরাধ, শাস্তি, ক্ষুধা আর মর্যাদার প্রশ্ন তখন আর দূরের কোনও বিষয় থাকত না। গল্প পড়তে পড়তে মনে হতো, কাউকে বিচার করার আগে তার জীবনের কথাটাও শোনা দরকার।
জুল ভার্নের সঙ্গে সাগরতলে নেমেছি, ‘আশি দিনে বিশ্বভ্রমণ’-এর অভিযানে পৃথিবী ঘুরেছি। আলেকজান্ডার বেলায়েভের ইকথিয়ান্ডার আমাদের পরিচিত জীবনের সীমা ছাড়িয়ে অন্য এক অস্তিত্বের কথা ভাবিয়েছে। সমুদ্র তখন মানচিত্রের নীল রং ছাড়িয়ে রহস্যময় এক জগৎ হয়ে উঠেছিল। বই বন্ধ করার পরও সেই জগতের দরজাটা মনে খোলা থাকত।
রবীন্দ্রনাথের চরিত্রগুলোও কত নীরবে আপন হয়ে উঠেছিল। ‘ছুটি’র ফটিকের জন্য মন খারাপ হয়েছে, ‘পোস্টমাস্টার’-এর রতনের অপেক্ষা বুকের মধ্যে লেগে থেকেছে। ‘অতিথি’র তারাপদের মধ্যে মুক্তির টান অনুভব করেছি। কাবুলিওয়ালার মধ্যে দেখেছি দূরদেশে ফেলে আসা সন্তানের জন্য একজন বাবার মমতা। এভাবে নিজের বাড়ি, নিজের পরিবার আর নিজের অভিজ্ঞতার বাইরের মানুষের জন্যও মনের মধ্যে জায়গা তৈরি হতো।
কৈশোরে সেই জায়গা দখল করেছিল আরও কতজন! পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে অভিযানে গিয়েছি। তিন গোয়েন্দার কিশোর, মুসা আর রবিনের সঙ্গে রহস্যের সূত্র মিলিয়েছি। ফেলুদার চোখ দিয়ে চারপাশের ছোট ছোট বিষয় খেয়াল করতে ইচ্ছা হয়েছে। কাকাবাবু আর সন্তুর সঙ্গে অজানার দিকে পা বাড়িয়েছি। কোথাও যাওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু কোথাও পৌঁছানোর কল্পনায় বাধা ছিল না।
তারপর বয়সের সঙ্গে সঙ্গে পাঠের স্বাদ বদলেছে। সমরেশ মজুমদারের অনিমেষ আর মাধবীলতা এসে ভালোবাসা, রাজনীতি, সংগ্রাম আর দায়বদ্ধতার সামনে দাঁড় করিয়েছে। মাধবীলতা মনে করিয়ে দিয়েছে, একজন মানুষের পাশে থাকার সিদ্ধান্তেরও মূল্য দিতে হয়। ভালোবাসার গল্প পড়তে পড়তেই সময় ও সমাজের কঠিন প্রশ্নগুলোর সঙ্গে পরিচয় হয়েছে।
‘গর্ভধারিণী’র জয়িতা, সুদীপ, আনন্দ আর কল্যাণের মধ্যে পেয়েছি চেনা জীবনকে প্রশ্ন করার সাহস। তাদের সব ভাবনা কিংবা সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ার প্রয়োজন ছিল না। তবু তাদের স্বপ্ন, বন্ধুত্ব আর সমাজকে বদলানোর আকাঙ্ক্ষা নিজের নিশ্চিন্ত জীবন নিয়েও ভাবিয়েছে। নিজের ভালো থাকাই জীবনের একমাত্র উদ্দেশ্য কি না, এমন প্রশ্ন রেখে গেছে তারা।
শীর্ষেন্দুর ‘পার্থিব’-এর ধ্রুব, সুনীলের ‘সেই সময়’-এর নবীনকুমার কিংবা তাঁর অন্য উপন্যাসের মানুষেরা মনের মধ্যে নানা রকম অস্বস্তি ও কৌতূহল তৈরি করেছে। হুমায়ূন আহমেদের মিশির আলী রহস্যের সামনে যুক্তি নিয়ে দাঁড়িয়েছেন। হিমু চেনা শহরের ভেতরেই অচেনা মানুষের দিকে তাকাতে শিখিয়েছে। এদের কেউ বাস্তবের প্রতিবেশী ছিল না, অথচ আমাদের মানসিক জীবনে তাদের নিয়মিত যাতায়াত ছিল।
আজ ভাবি, আমাদের সন্তানদের কল্পনায় এমন কারা থাকে? কোনও চরিত্রের সিদ্ধান্ত নিয়ে তারা কি নিজের সঙ্গে তর্ক করে? কোনও গল্প শেষ হওয়ার পরও কি তার মানুষেরা তাদের সঙ্গে থেকে যায়? নাকি একের পর এক দৃশ্যের ভিড়ে কারও সঙ্গে দীর্ঘ পরিচয় হওয়ার আগেই নতুন কেউ এসে পড়ছে?
বই পড়ার মধ্যে পাঠকের নিজেরও একটি কাজ থাকে। লেখক একটি ঘরের কথা বলেন, পাঠক তার আলো, গন্ধ আর নিঃসঙ্গতা নিজের মতো করে অনুভব করে। চরিত্রের কণ্ঠস্বর শুনতে পায় নিজের মনে। একই বই পড়ে দুজন মানুষের কল্পনায় দুটি আলাদা পৃথিবী তৈরি হতে পারে। সেই নির্মাণের মধ্যে পাঠকের স্মৃতি, অভিজ্ঞতা আর অনুভূতি অংশ নেয়।
দৃশ্যমাধ্যমেরও নিজস্ব শক্তি আছে। একটি ভালো চলচ্চিত্র, তথ্যচিত্র কিংবা সৃজনশীল ভিডিও আমাদের গভীরভাবে ভাবাতে পারে। উদ্বেগের জায়গাটি তৈরি হয় বিরামহীন ছোট ভিডিও দেখার অভ্যাসে। একটি বিষয় বুঝে ওঠার সময় না দিয়েই যখন আরেকটি বিষয় সামনে আসে, তখন নিজের প্রতিক্রিয়াটুকু বোঝার অবকাশও কমে যায়। অনেক কিছু দেখা হয়, কিন্তু কী নিয়ে একটু থামব, সেটিই আর ঠিক করা হয়ে ওঠে না।
সেখান থেকেই ইতিহাস ও সংস্কৃতি নিয়েও উদ্বেগ জাগে। একাত্তর কি আমাদের সন্তানদের কাছে কয়েকটি সাল, পরীক্ষার প্রশ্ন আর বিশেষ দিনের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে? নাকি মুক্তিযুদ্ধের গল্প পড়ে তারা একটি পরিবারের অপেক্ষা, একজন মানুষের ভয়, সাহস আর হারানোর বেদনা অনুভব করবে? দেশের জন্মের ইতিহাসের সঙ্গে ব্যক্তিগত টান তৈরি হওয়ার জন্য এই মানবিক পরিচয়টুকুও প্রয়োজন।
সাহিত্য ইতিহাসের বিকল্প নয়। তবে ইতিহাস জানার আগ্রহ তৈরি করতে পারে। সুনীলের ‘সেই সময়’ পড়তে পড়তে একটি সমাজের পরিবর্তন সম্পর্কে আরও জানতে ইচ্ছা হয়। উপন্যাসের চরিত্র থেকে বাস্তব মানুষটির খোঁজ শুরু হতে পারে। গল্পের সূত্র ধরে পাঠক পৌঁছে যেতে পারে ইতিহাসের বইয়ে, পুরোনো পত্রিকায় কিংবা কোনও গবেষণায়।
সংস্কৃতির সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে এমন ছোট ছোট পরিচয়ের মধ্য দিয়ে। গল্পের গ্রামের উঠান, নদীর ঘাট, উৎসব, পারিবারিক সম্বোধন কিংবা প্রায় হারিয়ে যাওয়া কোনও শব্দ নিজের ভেতরে জায়গা করে নেয়। নিজের ভাষার ভঙ্গি, মানুষের জীবনযাপন আর সমাজের পরিবর্তন বুঝতে শেখে পাঠক। এই পরিচয় ছাড়া শিকড়ের কথা বললে তা অনেক সময় কেবল আবেগের বাক্য হয়েই থেকে যায়।
তবে নতুন প্রজন্মকে একসঙ্গে বইবিমুখ বলে রায় দেওয়াও ঠিক হবে না। এখনও অনেক তরুণ মন দিয়ে পড়ে, লেখে এবং সাহিত্য নিয়ে আলোচনা করে। কেউ মোবাইলে বই পড়ে, কেউ অনলাইনে পাঠচক্রে অংশ নেয়। প্রযুক্তি তাদের জন্য নতুন বই খুঁজে পাওয়ার সুযোগও তৈরি করেছে। প্রশ্ন হলো, একটি যন্ত্র আমরা কী কাজে এবং কতটা সচেতনভাবে ব্যবহার করছি।
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বড়দেরও নিজের দিকে তাকাতে হয়। সন্তানকে বই পড়তে বলে আমরা নিজেরা যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকি, তবে সে কোন অভ্যাসটি শিখবে? বাড়িতে গল্পের বই পড়াকে যদি সময় নষ্ট মনে করা হয়, প্রতিটি অবসর যদি পড়াশোনা ও কোচিং দিয়ে ভরে দেওয়া হয়, তবে বইয়ের সঙ্গে ভালোবাসা গড়ে ওঠার সময় কোথায়? আমরা তাদের ফলাফল নিয়ে যত কথা বলি, তাদের ভালো লাগা কোনও গল্প নিয়ে তত কথা কি বলি?
বিশ্বসাহিত্য কেন্দ্রের হাত ধরে আমার মধ্যে যে পাঠাভ্যাস তৈরি হয়েছিল, তার কথা ভাবলে বুঝতে পারি, বই কাছে পৌঁছে দেওয়া কত জরুরি। কিন্তু শুধু বই কিনে দিলেই দায়িত্ব শেষ হয় না। পড়ার অবসর, নিজের পছন্দের বই বেছে নেওয়ার স্বাধীনতা এবং পড়া নিয়ে কথা বলার একজন মানুষও প্রয়োজন। পরিবারের পাশাপাশি বিদ্যালয়, পাঠাগার ও পাড়ার পাঠচক্র সেই সুযোগ তৈরি করতে পারে।
সব শিশুকে আমাদের প্রিয় বই দিয়েই শুরু করতে হবে, এমন দাবিও অর্থহীন। কেউ রূপকথায় আনন্দ পাবে, কেউ গোয়েন্দা গল্পে, কেউ মহাকাশ কিংবা প্রাণিজগৎ নিয়ে পড়তে চাইবে। সেই আগ্রহকে সম্মান করতে হবে। পাঠক তৈরি হওয়ার পথে আনন্দের জায়গাটি হারিয়ে গেলে বইও আরেকটি বাধ্যতামূলক কাজ হয়ে ওঠে।
আমি চাই, আমাদের সন্তানদের মনের মধ্যে কিছু চরিত্রের স্থায়ী ঠিকানা থাকুক। রতনের অপেক্ষা তাদের কষ্ট দিক, জাঁ ভালজাঁর জীবন তাদের বিচারবোধকে প্রশ্ন করুক। জয়িতা তাদের নিজের গণ্ডির বাইরে ভাবতে শেখাক। কিশোর আর মুসা তাদের কৌতূহলী করুক। একাত্তরের কোনও গল্প পড়ে তারা আরও জানতে চাক, জুল ভার্ন পড়ে মানচিত্র খুলে বসুক।
আমার শৈশবে কেউ আমার হাতে একটি বই তুলে দিয়েছিলেন। সেই ছোট্ট কাজটির প্রভাব আজও আমার ভেতরে বেঁচে আছে। পরবর্তী প্রজন্মের জন্য আমরাও কি তেমন একটি স্মৃতি তৈরি করতে পারব? কোনও একদিন তারা কি ফিরে তাকিয়ে বলবে, আমার বই পড়ার শুরু হয়েছিল বাবার হাত ধরে, মায়ের পাশে বসে, একজন শিক্ষকের উৎসাহে কিংবা পাড়ার ছোট্ট পাঠাগারে?
সেদিন হয়তো বুঝব, আমাদের শৈশবের সবচেয়ে মূল্যবান আনন্দগুলোর একটি আমরা তাদের কাছেও পৌঁছে দিতে পেরেছি।
ভাস্কর মজুমদার: জেনারেল ম্যানেজার - মার্চেন্ডাইজিং, ব্র্যাক আড়ং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।